
ইংল্যান্ডে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই বড় মঞ্চে খেলবে বাংলাদেশ নারী দলও। তবে শুধু দলই নয়, আম্পায়ারিংয়েও থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। সাথিরা জাকির জেসি এবার বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা থেকে ইতোমধ্যে জেসিকে আম্পায়ারিংয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র। বিশ্বকাপ শুরু হতে এখনো কিছুটা সময় বাকি থাকায় নিজের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এর আগে নারী একদিনের বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন জেসি।
এদিকে, আগামী ১২ জুন থেকে শুরু হবে ১২ দলের এই বিশ্বকাপ। স্বাগতিক ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশ পড়েছে কঠিন ‘ক’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
অন্যদিকে ‘খ’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বাছাইপর্ব থেকে উঠে আসা চার দলের মধ্যে বাংলাদেশ ‘ক’ গ্রুপে জায়গা করে নিয়েছে।
১২ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৪ জুন, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।
গ্রুপপর্ব চলবে ১২ থেকে ২৮ জুন পর্যন্ত। এরপর ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ৫ জুলাই হবে ফাইনাল।
বাংলাদেশের ম্যাচসূচি—
১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – বিকেল সাড়ে ৩টা
১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – বিকেল সাড়ে ৩টা
২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – সন্ধ্যা সাড়ে ৭টা
২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – সন্ধ্যা সাড়ে ৭টা
২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – বিকেল সাড়ে ৩টা
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/টিএ




















