
কোনো জয় ছাড়াই শেষ হলো বাংলাদেশের নারী এশিয়ান কাপ মিশন। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে যায় বাঘিনীরা। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের মেয়েরা।
আজ সোমবার (৯ মার্চ) এশিয়ান কাপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাতে কোনো জয় ছাড়াই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ মিশন।
এদিন একাদশে তিন পরিবর্তন এনে খেলতে নামে বাংলাদেশ। শুরুর একাদশে জায়গা করে নেন সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। এছাড়া শিউলি আজিম ও উমেলাহ মারমাও ফেরেন শুরুর একাদশে। তবে একাদশে পরিবর্তন শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। শুরু থেকে দাপুটে ফুটবল খেলে বাংলাদেশকে চাপে রাখে উজবেকিস্তান। তবে গোলরক্ষক মিলি আক্তার শুরুতেই বাঁচিয়ে দেন বাংলাদেশকে।
তবে ম্যাচের মিনিটেই দারুণ এক আক্রমণ থেকে লিড নেয় উজবেকিস্তান। তাতে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর বাংলাদেশের রক্ষণে একাধিকবার হানা দেয় উজবেকিস্তান। ম্যাচের ২৩ মিনিটে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু মারিয়া মান্দার অসাধারণ ট্যাকেলে গোলবঞ্চিত হয় উজবেকিস্তান।
চীনের বিপক্ষে দূরপাল্লার অসাধারণ শটে অল্পের জন্য গোল পাননি ঋতুপর্ণা চাকমা। আজ উজবেকিস্তানের বিপক্ষেও একই শটের পুনরাবৃত্তি করেন তিনি। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ম্যাচের শেষ ১০ মিনিট প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে গোলবঞ্চিত হয় বাঘিনীরা। তাতে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিটার বাটলারের দল।

ম্যাচজুড়ে দুর্দান্ত ছিলেন ঋতুপর্ণা চাকমা। ছবি- এএফসি
বিরতি থেকে ফিরে ফের আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুর ১০ মিনিটে বেশকিছু আক্রমণ চালিয়েও সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ঋতুপর্ণা-তহুরারা। উলটো ম্যাচের ৬২তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে লাল-সবুজের দল। কিছুক্ষণ পরেই গোল করার দারুণ এক সুযোগ পায় বাংলাদেশ। পেছনে প্রতিপক্ষের তিন ডিফেন্ডার থাকায় গোলরক্ষককে একা পেয়েও শট নিতে ব্যর্থ হন শামসুন্নাহার জুনিয়র। এরপর কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ৩-০তে এগিয়ে যায় উজবেকিস্তান।
ম্যাচের ৭০ মিনিটে মিলির হাত থেকে বল কেড়ে নিয়ে গোল করে উজবেকিস্তান। কিন্তু ভিএআর যাচাইয়ের পর গোলটি বাতিল করেন রেফারি। তিন গোল হজমের পর ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। তবুও লড়াই চালিয়ে যান ঋতুপর্ণারা। উজবেকিস্তানের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে যান তারা। তবে ফিনিশিং দুর্বলতায় একাধিক আক্রমণের পরও গোলবঞ্চিত থেকে যায় বাংলাদেশ।
ম্যাচের ৮৮তম মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ। চার গোল হজমের পরও অন্তত একটি গোলের লক্ষ্যে লড়াই অব্যাহত রাখে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত কোনো গোল ছাড়াই শেষ হয় অস্ট্রেলিয়া মিশন। ৪–০ গোলের হার নিয়েই মাঠ ছাড়েন পিটার বাটলারের শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৬/বিটি
























