Connect with us
ফুটবল

ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা

২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে বাংলালিংক। ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে কীভাবে দেখা যাবে, তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা ছিল। বিশেষ করে টেলিভিশনে সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন দর্শকরা। তবে এবার দেশের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে স্বস্তির খবর।

বাংলালিংক ২০২৬ ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানটির নিজস্ব ভিডিও দেখার প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখতে পারবেন।

বুধবার নিজেদের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এ তথ্য জানিয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের গ্রাহকেরা টফিতে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন। তবে এজন্য নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ গ্রহণ করতে হবে।



বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান এক বিবৃতিতে বলেন, এই স্বত্ব পাওয়ার ফলে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো স্থান থেকে খেলা উপভোগ করার সুযোগ পাবেন। তিনি আশা প্রকাশ করেন, শক্তিশালী নেটওয়ার্ক ও উন্নত প্রযুক্তির কারণে দর্শকেরা ভালো মানের সম্প্রচার সেবা পাবেন।

অন্যদিকে, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ফলে যারা টেলিভিশনে খেলা দেখার অপেক্ষায় আছেন, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রায় এক মাসব্যাপী এই প্রতিযোগিতা। এবারই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪৮টি দল নিয়ে। নতুন এই ব্যবস্থায় ম্যাচের সংখ্যাও বাড়ছে, ফলে আগের যেকোনো আসরের তুলনায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য তাই বিশ্বকাপ দেখার সুযোগ নিশ্চিত হওয়ার খবরটি স্বাভাবিকভাবেই বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে এসেছে।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল