
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ইশমা তানজিম ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এবং পরিবারের সঙ্গে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে বাংলাদেশ নারী ইমার্জিং দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটারকে ডাকা হলেও দ্বিতীয় ধাপে সেই সংখ্যা কমিয়ে ২১ জন করা হয়। এই তালিকায় জায়গা হয়নি ইশমার।
ইশমার দাবি, তাকে বলা হয়েছে গোড়ালির চোটের কারণে তিনি পুরোপুরি সুস্থ নন। তবে তিনি বলেন, তার চোট অনেকটাই সেরে গেছে এবং তিনি খেলতে প্রস্তুত ছিলেন। তার অভিযোগ, সুস্থ থাকার পরও তাকে অন্যায়ভাবে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি জানান, ক্যাম্পে নিজের নাম না দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তিনি তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।
ইশমা বলেন, তিনি কখনো অর্থের জন্য ক্রিকেট খেলেননি। ছোটবেলা থেকেই ক্রিকেটকে ভালোবেসে খেলেছেন। তাই দল থেকে বাদ পড়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তার ভাষায়, ক্রিকেটই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।
শুধু এবার নয়, অতীতেও তিনি একাধিকবার অবিচারের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। তার দাবি, ভালো খেলার পরও অনেক সময় জাতীয় দলে সুযোগ পাননি। এ ছাড়া দীর্ঘদিন ধরে দলের ভেতরে তাকে অবহেলা করা হয়েছে এবং বিভিন্ন মন্তব্য শুনতে হয়েছে।
ইশমা আরও অভিযোগ করেন, তাকে নিয়ে বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা একেক রকম ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন তিনি পুরোপুরি সুস্থ নন, আবার কেউ সেই বক্তব্য অস্বীকার করেছেন। এতে তিনি আরও হতাশ হয়ে পড়েন।
এ ছাড়া তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে দলের ভেতরে মানসিকভাবে তাকে হেয় করা হয়েছে। এসব কারণে তিনি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছাও হারিয়ে ফেলেছেন বলে জানান।
অন্যদিকে বিসিবির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে বিসিবি সূত্রের দাবি, ইশমাকে ক্যাম্পে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই।
উল্লেখ্য, ২৯ বছর বয়সী অলরাউন্ডার ইশমা তানজিম বাংলাদেশের হয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৬/টিএ






















