
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে বেশ হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অনেকেই। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও।
আজ মঙ্গলবার (৫ মে) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে এক লাফেই ৪৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশি বোলার সুলতানা খাতুন। তাতে এক লাফেই শীর্ষ ৪০-এর মধ্যে ডুকে গেছেন তিনি। ৫৪০ রেটিং পয়েন্ট নিয়ে ৩৮ নম্বরে অবস্থান করছেন এই স্পিনার।

৪৮ ধাপ এগিয়েছেন সুলতানা খাতুন। ছবি- বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেন সুলতানা। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি। বিশেষ করে শেষ টি-টোয়েন্টিতে নজরকাঁড়া পারফরম্যান্স করেন এই স্পিনার। ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। সুলতানার পাশাপাশি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ফারিহা তৃষ্ণা। ১৭ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে উঠে এসেছেন তিনি। এগিয়েছেন মারুফা আক্তারও। ৮ ধাপ এগিয়ে ৮১ নম্বরে অবস্থান করছেন এই পেসার।
তবে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে থাকা রাবেয়া খান ৫ ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছেন। নাহিদা আক্তার এক ধাপ পিছিয়ে ৩০ এবং ফাহিমা খাতুন ৫ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা তিন ধাপ পিছিয়ে ৫৬ এবং স্বর্ণা আক্তার ১৭ ধাপ পিছিয়ে ৮৯ নম্বরে নেমে গেছেন।
এদিকে স্বর্ণা ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ১৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৬২ নম্বরে অবস্থান করছেন। বড় উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা। ১০ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটার। এছাড়া দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন।
তবে অবনতি হয়েছে নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার চার ধাপ পিছিয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন। এছাড়া সোবহানা মোস্তারি ৭ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন।
ক্রিফোস্পোর্টস/৫মে২৬/বিটি



















