
ভারতের শিমলায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বালক দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জিতেছে সোনার পদক। একই আসরে অনূর্ধ্ব-১৫ বালক দল পেয়েছে ব্রোঞ্জ। এই সাফল্যের ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৯ দল জায়গা করে নিয়েছে আগামী এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে।
আগামী ২১ থেকে ২৭ জুন ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হবে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল।
গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিন দলই সমান ৫ পয়েন্ট পায়। পয়েন্ট সমান হলেও সেট ব্যবধানে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে উঠে আসে বাংলাদেশ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
নির্ধারণী ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুটা ভালো ছিল না। প্রথম ম্যাচে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হেরে গেলে কিছুটা চাপে পড়ে দল। তবে এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নাফিজ ইকবাল দারুণ খেলেন এবং ৩-০ গেমে জয় তুলে নেন। তৃতীয় ম্যাচে জয় ইসলামও একই ব্যবধানে জয় পান। ফলে এগিয়ে যায় বাংলাদেশ।
শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল দায়িত্বশীল খেলেন। তিনি ৩-১ গেমে জয় নিশ্চিত করলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এর মধ্য দিয়েই নিশ্চিত হয় সোনার পদক।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৫ বালক দলও লড়াই করেছে ভালোভাবেই। তারা নেপাল ও মালদ্বীপকে হারাতে সক্ষম হয়। তবে শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরে যেতে হয়। ফলে এই বিভাগে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে।
এই বিভাগে ভিসা সমস্যার কারণে একজন খেলোয়াড় দলের সঙ্গে যেতে পারেননি। ফলে কোনো বাড়তি খেলোয়াড় ছাড়াই প্রতিটি ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে, যা দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল।
তবে মেয়েদের বিভাগে ভালো করতে পারেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বালিকা দল তাদের সবগুলো ম্যাচেই হেরে যায়। ফলে তারা টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
সব মিলিয়ে ছেলেদের বিভাগের এই সাফল্য বাংলাদেশের টেবিল টেনিসে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়ান আসরে খেলার সুযোগ পাওয়া দেশের জন্য ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৬/টিএ























