
এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশীয় অঞ্চলের বাছাইপর্বে অংশ নিতে ভারতের শিমলায় পৌঁছেছে বাংলাদেশ যুব টেবিল টেনিস দল। ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ অংশ নিচ্ছে।
এই আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা বিভাগে খেলবে। একক, দ্বৈত, মিশ্র দ্বৈত এবং দলগত সব বিভাগেই অংশ নিচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা।
২০ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এ এম মাকসুদ আহমেদ সনেট। দলের ব্যবস্থাপক হিসেবে আছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু। কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ধনঞ্জয় শীল তীর্থ এবং রিগ্যান বড়ুয়া।
অনূর্ধ্ব-১৯ বালক দলে রয়েছেন অধিনায়ক মো. নাফিজ ইকবাল, আবুল হাসেম হাসিব, মো. তাহমিদুর রহমান সাকিব ও মো. জয় ইসলাম। অনূর্ধ্ব-১৯ বালিকা দলে খেলছেন অধিনায়ক খই খই সাই মারমা, রেশমী তনচংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান।
অনূর্ধ্ব-১৫ বালক দলের অধিনায়ক মো. শাহীন আহম্মেদের সঙ্গে আছেন মো. মিদুল রহমান, তামজিদুল ইসলাম পরশ ও রাব্বি ইসলাম। অনূর্ধ্ব-১৫ বালিকা দলে অধিনায়ক মোছা. রাফিয়া চৌধুরীর সঙ্গে খেলছেন জান্নাত ইসলাম রোজা, মোসাম্মদ জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।
দলের বেশির ভাগ খেলোয়াড়ই বিকেএসপির বর্তমান ও সাবেক শিক্ষার্থী। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বিভিন্ন ক্লাব থেকেও কয়েকজন খেলোয়াড় দলে জায়গা পেয়েছেন।
দলের প্রস্তুতি নিয়ে সনেট জানান, প্রতিযোগিতার সূচি পাওয়ার আগেই খেলোয়াড়দের নিয়ে দীর্ঘ সময় ধরে অনুশীলন করা হয়েছে। গত বছর দক্ষিণ এশীয় জুনিয়র প্রতিযোগিতায় কয়েকটি পদক পেলেও নিয়ম অনুযায়ী পরবর্তী ধাপে উঠতে পারেনি বাংলাদেশ। তবে এবার তারা ভালো করার ব্যাপারে আশাবাদী।
তিনি আরও বলেন, দলের কয়েকজন খেলোয়াড়ের জন্য এটি শেষ বয়সভিত্তিক প্রতিযোগিতা। তাই তারা ভালো ফল করে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাইছে।
সব মিলিয়ে, বাছাইপর্বে ভালো ফল করে এশিয়ান আসরের মূল পর্বে জায়গা করে নেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৬/টিএ























