Connect with us
অন্যান্য

ব্রোঞ্জ জেতায় বাংলাদেশ নারী কাবাডি দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

নারী কাবাডি দলকে ফুল দিয়ে বরণ। ছবি: সংগৃহীত

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। আন্তর্জাতিক আসরে দেশের জন্য সম্মান বয়ে আনা এই দলকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় বরণ করে নেওয়া হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির। এ সময় তিনি দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের মেয়েরা অসাধারণ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। তাদের এই অর্জন শুধু কাবাডির জন্য নয়, পুরো দেশের জন্য গর্বের।

তিনি বলেন, এই ব্রোঞ্জ পদক বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং দেশের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন। ভবিষ্যতে নারী কাবাডিকে আরও এগিয়ে নিতে ফেডারেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও শক্তভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।



চীন থেকে দলের সঙ্গে দেশে ফেরেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মাহবুবুর রহমান শাহীন, এম এ কুদ্দুস খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ ক্রীড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ নারী কাবাডি দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয় প্রমাণ করেছে, ধারাবাহিক প্রশিক্ষণ, সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের নারী খেলোয়াড়রাও বড় আসরে সফল হতে পারে।

কাবাডি দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর একটি হলেও আন্তর্জাতিক পর্যায়ে নারী দলের এই অর্জন বিশেষ গুরুত্ব বহন করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য ভবিষ্যতে আরও বেশি তরুণীকে কাবাডিতে আগ্রহী করবে।

ব্রোঞ্জ জয়ের মাধ্যমে বাংলাদেশ নারী কাবাডি দল শুধু একটি পদকই জেতেনি, তারা দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিয়েছে। তাদের এই অর্জন আগামী দিনে নারী কাবাডির উন্নয়নে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in অন্যান্য