ওমানের মাসকাটে শুরু হয়েছে জুনিয়র নারী এশিয়া কাপ হকি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তির প্রমাণ দিয়েছে বাংলাদেশ। হংকংকে ৬-০ গোলে হারিয়ে দারুণভাবে আসর শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা। আইরিন আক্তার রিয়া ও নাদিরা এমা দুটি করে গোল করেন। বাকি দুটি গোল করেন রিমন ও কনা। চারজনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দুই বছর আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবারও শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দলটি। আগের আসরের অন্যতম প্রতিদ্বন্দ্বী চাইনিজ তাইপে এবার না থাকলেও নতুন করে যোগ দিয়েছে পাকিস্তান। তাই প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
পাঁচ দলের এই প্রতিযোগিতায় সবাই সবার বিপক্ষে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আইরিন আক্তার রিয়া। আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস ধরে রেখে জয়ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশের মেয়েরা।
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৬/টিএ



