
আজ দেশে ঈদের আনন্দে মেতে উঠেছে মানুষ। পরিবার-স্বজনদের সঙ্গে সময় কাটানোর এই দিনে দেশের বাইরে থাকা ক্রীড়াবিদরাও এনে দিলেন খুশির খবর। নেপালে জুডো প্রতিযোগিতায় তিনটি পদক জিতেছে বাংলাদেশ।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিকেএসপির ছয়জন খেলোয়াড়। আজকের লড়াইয়ে তিনটি পদক এসেছে বাংলাদেশের ঝুলিতে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ।
মেয়েদের অনূর্ধ্ব-১৮ বিভাগের ৫৩ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। ছেলেদের একই বয়সভিত্তিক ৬২ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণ পেয়েছেন উসাচিং মারমা বিজয়। আর দিনের শেষ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন রেমি হাসি।
প্রতিযোগিতাটি হচ্ছে কাঠমান্ডুর একটি মার্শাল আর্ট কেন্দ্রে। আয়োজনে রয়েছে নেপালের জাতীয় জুডো সংস্থা। এতে স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।
বাংলাদেশ দলের মোট ছয়জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আগামীকাল আরও দুইজন খেলোয়াড় পদকের লড়াইয়ে নামবেন।
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৬/টিএ
























