
সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে তাদের সামনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। দুই দলই সেমিফাইনালে নিজেদের কাজ ঠিকভাবে শেষ করে আবারও শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।
মালদ্বীপের রাজধানী মালেতে বুধবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১–০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে লাল-সবুজের দল। গোলের সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা, তবে এক গোলই শেষ পর্যন্ত জয় এনে দেয়।
এরপর দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের বিপক্ষে একতরফা আধিপত্য দেখায় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ভারত ৫–০ গোলের বড় জয় নিয়ে ফাইনালে ওঠে। এই জয়ের মধ্য দিয়ে তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই নিজেদের জানান দিয়েছে।
আগামী শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণের এই লড়াইয়ে তাই জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
চলতি আসরের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচে শুরুতে গোল হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১–১ গোলে ম্যাচ ড্র করে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় তারা। সেই অভিজ্ঞতা ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে বাংলাদেশের ফুটবলারদের।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতা অনূর্ধ্ব–১৮, ১৯ ও ২০ এই তিন বিভাগে এখন পর্যন্ত সাতবার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, যা তাদের এই আসরের সবচেয়ে সফল দল করে তুলেছে। নেপাল জিতেছে দুইবার এবং বাংলাদেশ একবার শিরোপা ঘরে তুলেছে।
বাংলাদেশের সেই একমাত্র শিরোপা আসে ২০২৪ সালে। অনূর্ধ্ব–২০ বিভাগে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে নেপালকে ৪–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সেই শিরোপা ধরে রাখার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত।
সব বিভাগ মিলিয়ে এটি বাংলাদেশ ও ভারতের চতুর্থ ফাইনাল মুখোমুখি। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব–১৮, ২০২২ সালে অনূর্ধ্ব–২০ এবং ২০২৫ সালে অনূর্ধ্ব–১৯ বিভাগের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। তবে দুঃখজনকভাবে আগের তিনটি ফাইনালেই জয় পেয়েছিল ভারত।
তাই এবার বাংলাদেশের সামনে আছে দুইটি লক্ষ্য শিরোপা ধরে রাখা এবং ভারতের বিপক্ষে ফাইনালের পুরোনো হতাশা কাটানো। মাঠের লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।
ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৬/টিএ





















