Connect with us
ফুটবল

‘প্রবাসী ফুটবলার আসলে বাংলাদেশ আরো শক্তিশালী হবে’

Tariq Kazi_Jamal Bhuyan_Fahemedul Islam_Hamza_Kazem Shah
(বাঁ থেকে) তারিক কাজী, জামাল ভূঁইয়া, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী, জাকেম শাহ। ছবি- সংগৃহীত

জামাল ভূঁইয়াকে দিয়ে বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের খেলার পথ উন্মুক্ত হয়েছিল। এরপর একে তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরি, ফাহামিদুল ইসলাম, সামিত শোমের মতো বিশ্বমানের ফুটবলাররা বাংলাদেশ দলে যোগ দেন। সামনে আরও ফুটবলাররাও যোগ দেবেন জাতীয় দলে। এতে দলের শক্তিমত্তা আরো বাড়বে বলে মনে করেন জাতীয় দলের সিনিয়র ফরোয়ার্ড সোহেল রানা।

বর্তমানে বাংলাদেশের প্রবাসী ফুটবলারের সংখ্যা ৬ জন। গতকাল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামের। কাজেম-হামজা-ফাহামিদুলদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ আগের চেয়ে শক্তিশালী হয়েছে। তবে এখনো অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী সামিত সোম। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে এই মিডফিল্ডারের।

ভুটান ম্যাচের দিন বাংলাদেশে আসেন সামিত। তাই এই ম্যাচটি ডাগ আউটে বসেই দেখতে হয়েছে তাকে। তবে পরবর্তী ম্যাচে তার অন্তর্ভুক্তিতে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন সোহেল। তাছাড়া ভবিষ্যতে আরও প্রবাসী ফুটবলার আসার সম্ভাবনা রয়েছে। আর প্রবাসী ফুটবলার আসলে, বাংলাদেশ আরও শক্তিশালী হবে বলে মনে করেন এই ফরোয়ার্ড।




আরও পড়ুন :

» নিজ ক্লাবের প্রশংসায় ভাসছেন ফাহামিদুল

» হামজাকে অভিনন্দন জানাল ইংলিশ ক্লাব লেস্টার সিটি


সোহেল বলেন, ‘সামিত সোম আসছে। আমাদের দল আরো শক্তিশালী হয়েছে। দিনকে দিন দলের শক্তিমত্তা বাড়ছে। সামনে আরো প্রবাসী ফুটবলার আসবে। এটা দেশের ফুটবলের জন্যও ভালো।’

হামজার পর বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় আছেন আরেক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। বর্তমানে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের যুবদলে খেলছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছে তার। এমনকি ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন তিনি। তাই এখন শুধু সময়ের অপেক্ষা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার ডাক পড়লেই লাল-সবুজের জার্সিতে দেখা যাবে এই তরুণ ফুটবলারকে।

ক্রিফোস্পোর্টস/৫জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল