Connect with us
ফুটবল

৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে আজ হারাতে চায় বাংলাদেশ

Bangladesh women football team
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- বাফুফে

জর্ডানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ইন্দোনেশিয়াকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছিল বাংলাদেশ নারী দল। এবার ফিফা প্রীতি এই সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে আজ মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে ম্যাচ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১৩৩তম। অপরদিকে ৫৯ ধাপ এগিয়ে স্বাগতিক জর্ডান আছে ৭৪তম স্থানে। শক্তিমত্তার বিচারে পিছিয়ে থাকলেও জর্ডানকে হারাতে চায় ঋতুপর্ণারা।

ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার বলছেন, ‘জর্ডানকে মোকাবিলা করার জন্য আমরা তৈরি। মিডফিল্ড ও রক্ষণভাগ থেকে খেলা তৈরি করার চেষ্টা থাকবে। এর বাইরেও আমাদের একটি নিজস্ব খেলার ধরন আছে, সেই কৌশলেই খেলবে মেয়েরা।’




আরও পড়ুন:

» নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে কে এই পাকিস্তানি?

» বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে যারা পাবে আইপিএলের শিরোপা


 

এর আগে ২০২১ সালে জর্ডানের কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তবে এবার এই শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে চায় বাংলাদেশ। মারিয়া মান্দা জয় নিয়ে দেশে ফিরতে চেয়ে বলেন, ‘অনুশীলনটা আমরা ভালোভাবে শেষ করেছি। জর্ডানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত। আমরা ভালোভাবে খেলে জয় নিয়ে ফিরবো।’ 

আর স্বপ্না রানী জানান, ‘আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পরদিন সুইমিং করেছি। আজ অনুশীলন করলাম, সবমিলিয়ে ভালো একটি প্রস্তুতি নিয়েছি। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দেবেন ম্যাচের জন্য, আমরা সেভাবে খেলবো’

চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে জর্ডানে এই ত্রিদেশীয় প্রীতি সিরিজ খেলছে পিটার বাটলারের দল। যেখানে আজ একটি ভালো ফলাফল নিয়ে ফিরতে চায় বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল