
চলতি মাসের শেষদিকে এশিয়া সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন এই সফরে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে দলটি। প্রথমে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা।
বৃহস্পতিবার (৭ মে) আসন্ন বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশে পা রাখবে দলটি। প্রথমে ওয়ানডে এবং পরে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
আগামী ৯ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর একদিন বিরতি দিয়ে ১১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ জুন। এই সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭ জুন প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর একদিন করে বিরতি দিয়ে ১৯ ও ২১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি—
ওয়ানডে :
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৯ জুন | প্রথম ওয়ানডে | মিরপুর |
| ১১ জুন | দ্বিতীয় ওয়ানডে | মিরপুর |
| ১৪ জুন | তৃতীয় ওয়ানডে | মিরপুর |
টি-টোয়েন্টি :
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ১৭ জুন | প্রথম টি-টোয়েন্টি | চট্টগ্রাম |
| ১৯ জুন | দ্বিতীয় টি-টোয়েন্টি | চট্টগ্রাম |
| ২১ জুন | তৃতীয় টি-টোয়েন্টি | চট্টগ্রাম |
এর আগে সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে সফরকারীদের ৪-১ জয়ের ব্যবধানে সিরিজ হারিয়েছিল টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/৭মে২৬/বিটি























