Connect with us
ফুটবল

প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে চারজাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ

Bangladesh to play the four-nation tournament in the Maldives without expatriate footballers.
বাংলাদেশ অলিম্পিক দলে নেই রোনান সুলিভানও। ছবি- বাফুফে

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে দেশটি। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক মালদ্বীপসহ মোট চারটি দল। যেখানে রয়েছে বাংলাদেশ। এছাড়াও রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। 

আসন্ন এই চারজাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের অলিম্পিক দল। টুর্নামেন্টকে সামনে রেখে আজ রোববার (২৪ মে) ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এই দলে জায়গা হয়নি কোনো প্রবাসী ফুটবলারের।

মালদ্বীপের এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের অলিম্পিক দলে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত কোনো প্রবাসী ফুটবলারকেই দলে রাখা হয়নি। এই অলিম্পিক দলের বেশিরভাগ ফুটবলারই সবশেষ সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। যেখানে ছিলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত দুই সুলিভান ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। তবে জানা গেছে, ব্যক্তিগত কারণে এই টুর্নামেন্টে খেলবেন না তারা।



এদিকে বাংলাদেশের অলিম্পিক দলে জাতীয় দলে খেলা কয়েকজন ফুটবলারকেও ডাকা হয়েছে। যার মধ্যে আছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, মিডফিল্ডার মজিবুর রহমান জনি এবং ফরোয়ার্ড লাইনে খেলা আল আমিন ও পিয়াস আহমেদ নোভার মতো ফুটবলাররা।

বাংলাদেশ অলিম্পিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশি কোচ মারুফুল হক। তার অধীনে আজ থেকেই শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প।

এক নজরে বাংলাদেশ অলিম্পিক দল :

গোলরক্ষক : মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ।

ডিফেন্ডার : শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, প্রণয় ইনোসেন্ট মারান্ডি।

মিডফিল্ডার : মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া।

ফরোয়ার্ড : নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন।

ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল