Connect with us
ক্রিকেট

১৭ বছর পর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

১৭ বছর পর লর্ডসে টেস্ট, ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ছবি: সংগৃহীত

অ্যাশেজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে নিশ্চিত করা হয়েছে, আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস মাঠে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ শুরুর আগে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে চাইছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। ১৮ জুন ট্রেন্ট ব্রিজে অ্যাশেজের প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেবে ইংল্যান্ড।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, বাংলাদেশের পুরুষ দলকে লর্ডসে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি জানান, ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাঠে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দুই দলের মধ্যকার এই ম্যাচ দর্শকদের জন্যও দারুণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে।



শুধু পুরুষ দলই নয়, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দলও। সেপ্টেম্বরে তারা তিনটি বিশ ওভারের আন্তর্জাতিক এবং তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। সফরের সূচিও প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

নারী দলের সফরে ৮, ১০ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিনটি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ। এরপর ১৭, ২১ ও ২৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। সবগুলো ম্যাচই ইংল্যান্ডের ভিন্ন ভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে।

লর্ডসে টেস্ট খেলার সুযোগ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক এই মাঠে খেলাকে প্রতিটি ক্রিকেটারের জন্যই বড় অর্জন হিসেবে ধরা হয়। অন্যদিকে অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে পারাও ইংল্যান্ডের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

একনজরে বাংলাদেশ পুরুষ দলের ইংল্যান্ড সফরের সূচি
২৮ মে – ১ জুন,
একমাত্র টেস্ট – লর্ডস, লন্ডন

একনজরে বাংলাদেশ নারী দলের ইংল্যান্ড সফরের সূচি
৮ সেপ্টেম্বর – প্রথম টি-টোয়েন্টি – নর্দাম্পটন
১০ সেপ্টেম্বর – দ্বিতীয় টি-টোয়েন্টি – টনটন
১২ সেপ্টেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি – উরচেস্টার
১৭ সেপ্টেম্বর – প্রথম ওয়ানডে – হোভ
২১ সেপ্টেম্বর – দ্বিতীয় ওয়ানডে – কান্টেরবেরি
২৪ সেপ্টেম্বর – তৃতীয় ওয়ানডে – চেমসফোর্ড

ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট