
প্রথমবারের মতো আন্তর্জাতিক ই-স্পোর্টস নেশনস কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টকে ই-স্পোর্টসের সবচেয়ে বড় দেশভিত্তিক আয়োজনগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।
বুধবার রাজধানীর তোপখানা রোডের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাংলাদেশ যুব উন্নয়ন ও ইলেকট্রনিক ক্রীড়া সংস্থার সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম।
তিনি জানান, এবারের আসরে বাংলাদেশ ১৫টি ভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে। এসব প্রতিযোগিতার মোট পুরস্কার অর্থ ২২০ কোটিরও বেশি। বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেন তিনি।
এবারের আসরে বাংলাদেশসহ মোট ১৫০টি দেশ অংশ নেবে। বাংলাদেশ দল থেকে প্রায় ৫০ জন গেমার খেলবেন বিভিন্ন বিভাগে।
দলের ব্যবস্থাপক আগা রাফসান বলেন, মূল পর্বে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে প্রথমে এশিয়ার দেশগুলোর বিপক্ষে বাছাইপর্ব খেলতে হবে। তালিকার প্রথম দুই বা তিন দলের মধ্যে থাকতে পারলেই মূল আসরে খেলার সুযোগ মিলবে। সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এই টুর্নামেন্টের জন্য সারা দেশ থেকে প্রায় দেড় হাজার গেমার নিবন্ধন করেছিলেন। পরে কয়েক ধাপের বাছাই ও পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়।
দলের প্রশিক্ষক ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন ও নাজমুস সাকিব জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। মূল প্রতিযোগিতা শুরু হতে এখনো দুই মাস সময় থাকায় প্রস্তুতিতে আরও জোর দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, শুধু খেলার কৌশল নয়, আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়েও গেমারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৭মে২৬/টিএ





















