
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে পা রেখেছে বাংলাদেশের বাঘিনীরা।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করলো লাল-সবুজের প্রতিনিধিরা। একই দিন ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) এই মাঠেই শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ফাইনালে ওঠার লড়াইয়ের দিন শুরু থেকেই দাপট দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের মাত্র ৩ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মামনি চাকমার কর্নার কিক থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন প্রতিমা মুন্ডা। শুরুর ধাক্কা সামলে নেপাল রক্ষণে মনোযোগ দিলে দ্বিতীয় গোলের জন্য বাংলাদেশকে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ২-০ করেন আলপি আক্তার।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে নেপালের রক্ষণভাগ তছনছ করে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। ম্যাচের ৮২ মিনিটে ক্রানুসিং মারমার নিখুঁত ক্রস থেকে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। এই হ্যাটট্রিকের মাধ্যমে চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে আলপির মোট গোল সংখ্যা দাঁড়ালো সাতে।
সাফ অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ইতিহাসে এটি বাংলাদেশের তৃতীয় ফাইনাল। এর আগে ২০২১ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ সালে ভারত ও বাংলাদেশ যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৬/এনজি





























