
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল।
প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্সে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভালো খেলেছে স্বাগতিকরা। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ দ্বিতীয় ম্যাচে নামবে দল।
বাংলাদেশ দলে বড় পরিবর্তনের সম্ভাবনা খুব কম। প্রথম ম্যাচের জয়ী একাদশই ধরে রাখার সম্ভাবনা বেশি। অধিনায়ক লিটন দাসের ব্যাটে বড় রান দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম ম্যাচে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। এবার তার কাছ থেকে বড় অবদানের আশা থাকবে।
ব্যাটিং বিভাগে তানজিদ, সাইফ, ইমন, হৃদয় ও শামীমদের দায়িত্ব নিতে হবে। চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারদের সহায়তা করে। তাই বড় সংগ্রহ গড়তে হলে ব্যাটারদের আরও কার্যকর হতে হবে।
বোলিং বিভাগে বাংলাদেশ কিছুটা স্বস্তিতে আছে। পেস ও স্পিন, দুই বিভাগেই ধারাবাহিকতা রয়েছে। শরিফুল, তানজিম, রিপন ও রিশাদরা প্রথম ম্যাচেও দায়িত্বশীল বোলিং করেছেন। বিশেষ করে শেষ দিকে রিপন মণ্ডলের নিয়ন্ত্রিত বোলিং নজর কেড়েছে।
নিউজিল্যান্ডের দল তুলনামূলকভাবে অনভিজ্ঞ হলেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। অধিনায়ক টম ল্যাথামের খেলা এখনও অনিশ্চিত। তিনি না ফিরলে আবারও নিক কেলির নেতৃত্বে খেলবে সফরকারীরা।
সিরিজ বাঁচিয়ে রাখতে কিউইদের জন্য এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা থাকছে। তবে সাম্প্রতিক ফর্ম, আত্মবিশ্বাস ও ঘরের মাঠের সুবিধায় কিছুটা এগিয়ে বাংলাদেশ।
আজ দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/টিএ





















