Connect with us
ফুটবল

আরেকটি এশিয়ান মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

Bangladesh set to begin another Asian mission.
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি- সাফ

চলতি বছরটা বাংলাদেশ নারী ফুটবলের অগ্রগতিতে ঐতিহাসিক এক বছর। কেননা এই বছর অসাধ্য সাধন করেছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্ট এএফসি নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনিয়র দল এবং অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। এবার একই মিশনে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।

অঅনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ রয়েছে ’এইচ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জর্ডান ও চাইনিজ তাইপে। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জর্ডানে। এই ম্যাচ দুটো সামনে রেখে প্রস্তুতির জন্য আগামীকাল (রোববার) দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল।

এর আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস, কোচের দায়িত্ব পাওয়া সাইফুল বারী টিটু। এ সময় টুর্নামেন্ট ঘিরে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তারা।



সিনিয়র নারী দলের ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের চেয়ে এগিয়ে জর্ডান ও চাইনিজ তাইপে। তবুও বাছাইপর্ব নিয়ে বেশ আশাবাদী কোচ। তিনি বলেন, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ে জর্ডান ও চাইনিজ তাইপের সিনিয়র দল আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের প্রথম ম্যাচই জর্ডানের সঙ্গে। আমরা সবটা চেষ্টা করব মূল পর্বে খেলার।’

বাংলাদেশের বাছাইপর্ব মিশন শুরু হবে ১৩ অক্টোবর। তার আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। এই ম্যাচগুলো মেয়েদের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন টিটু, ‘দুবাইয়ে আমরা ৭ সেপ্টেম্বর সিরিয়া ও ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলব। এই দুই ম্যাচ বাছাইপর্বের আগে আমাদের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।’

ক’দিন আগেই অর্পিতা বিশ্বাসের অধীনে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাংলাদেশ। যদিও ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরেছে তারা। তবে বাছাইপর্বের আগে এই টুর্নামেন্ট তাদের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন অর্পিতা, ‘আমরা কিছু দিন আগে সাফ খেলেছি। তাই অনুশীলনের মধ্যে রয়েছি। দুবাইয়ে গিয়ে আমরা দুই ম্যাচ খেলব। আশা করি, জর্ডান থেকে আমরা ভালো কিছু নিয়ে ফিরতে পারবো।’

আগামী ১৩ অক্টোবর বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর চাইনিজ তাইপের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ দুটো জর্ডানের আকাবা স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব শেষে গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করবে।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল