
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দল। সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। এর ফলে অন্তত রুপার পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
সেমিফাইনালে ম্যাচটি ছিল জমজমাট। শুরু থেকেই দুই দল সমানতালে লড়াই করেছে। শেষ পর্যন্ত ২৩২-২২৮ স্কোরে জয় পায় বাংলাদেশ। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের দল গুরুত্বপূর্ণ সময়ে স্থির থেকে ভালো শট নিয়েছে, যা জয়ের পথে বড় ভূমিকা রেখেছে।
এর আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। ধারাবাহিক ভালো পারফরম্যান্স ধরে রেখেই তারা এখন ফাইনালে। সোনার পদকের জন্য ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম।
ফাইনালে জিতলে সোনা, আর হারলেও রুপা দুই অবস্থাতেই পদক নিশ্চিত। ফলে এখন সব চোখ ফাইনালের দিকে।
এর আগে ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত একই আসরের একটি ধাপেও রুপা জিতেছিল বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গিয়েছিল তারা। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে।
অন্যদিকে, নারী কম্পাউন্ড দল অল্প ব্যবধানে হেরে শেষ চারে উঠতে পারেনি। থাইল্যান্ডের বিপক্ষে তারা ২২৯ পয়েন্ট করে, আর প্রতিপক্ষ পায় ২৩০। মাত্র এক পয়েন্টের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
রিকার্ভ পুরুষ দলও ভালো শুরু করলেও শেষ পর্যন্ত এগোতে পারেনি। ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে উঠলেও কাজাখস্তানের কাছে ৬-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
সব মিলিয়ে, পুরুষ কম্পাউন্ড দলের পারফরম্যান্সই এবার বাংলাদেশের সবচেয়ে বড় আশা জাগিয়েছে। এখন অপেক্ষা ফাইনালের ফলের।
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/টিএ




















