Connect with us
ক্রিকেট

স্কটল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশ

Bangladesh secure their first win by defeating Scotland in the tri-nation series.
স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি- সংগৃহীত

স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশ নারী দলের। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় তারা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগ্রেসরা। ফিরতি দেখায় স্বাগতিক স্কটল্যান্ডকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

আজ মঙ্গলবার (২ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এডিনবার্গের গ্রেনেজ ক্রিকেট ক্লাবে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

এদিন আগে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরুর আভাস দেন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। প্রথম ওভারেই দুই চার ও এক ছক্কায় ১৫ রান তুলে নেন তিনি। তবে ক্রিজে স্থায়ী হতে পারেননি দিলারা। পরের ওভারেই উইকেট দিয়ে ১৫ রানে বিদায় নেন এই ওপেনার।



দিলারা ফেরার পরেই বিপাকে পড়ে বাংলাদেশ। পরের ওভারেই বিদায় নেন আরেক ওপেনার জুরাইরিয়া ফেরদৌস। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। তিনে নেমে সুবিধা করতে পারেননি তেজ নেহারও। চতুর্থ ওভারের প্রথম বলেই বিদায় নেন তিনি। তার ব্যাটে আসে ৩ বলে ৪ রান। তাতে ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর এই বিপদ থেকে দলকে উদ্ধার করেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে ৫৮ বলে ৭৭ রান যোগ করেন তারা। দলীয় শতরান তোলার পর বিদায় নেন মোস্তারি। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন তিনি।

এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে আরও ৪৫ রান যোগ করেন জ্যোতি। এরমাঝে নিজের ফিফটিও তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। এই সিরিজে এটি তার দ্বিতীয় ফিফটি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে বিদায় নেন তিনি। এছাড়া স্বর্ণার ব্যাটে আসে ২৩ বলে ২০ রান। স্কটল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ক্যাথরিন ব্রাইস ও মেইসি ম্যাসেরিয়া। এছাড়া একটি করে উইকেট নেন ক্যাথেরিন ফ্রেজার ও ক্রিস্টি গর্ডন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় এক রানেই ২টি উইকেট হারায় স্কটল্যান্ড। প্রথম ওভারের শেষ বলে ক্যাথেরিন ফ্রেসারের উইকেট তুলে নেন মারুফা আক্তার। পরের ওভারে ডারসি কার্টারকে ফেরান মেঘলা আক্তার। তবে পাওয়ারপ্লেতে আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

পাওয়ারপ্লে শেষে ফের আঘাত হানেন মারুফা আক্তার। দলীয় ৩৬ রানের মাথায় স্বাগতিক অধিনায়ক ব্রাইসকে ফেরান এই পেসার। ২১ রান করে বিদায় নেন ব্রাইস। ইনিংসের ১২তম ওভারে দলীয় ৭৪ রানের মাথায় চতুর্থ উইকেটের দেখা পায় বাংলাদেশ। আলিসা লিস্টারকে ১৬ রানে ফেরান রাবেয়া খান।

পরের ওভারে আবারও আঘাত হানে বাংলাদেশ। সেট ব্যাটার সারাহ জেনিফার ব্রাইসকে ফেরান ঋতু মনি। ৪১ বলে ৪০ রান করে বিদায় নেন তিনি। এরপর ৯৩ রানের মাথায় মেগান ম্যাককলকে বিদায় করেন মেঘলা। শেষ পর্যন্ত ১১৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে ২ ওভারে ১২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন ঋতু মনি। ২টি করে উইকেট নেন মারুফা ও মেঘলা। এছাড়া একটি করে উইকেট নেন রাবেয়া ও সোবহানা।

সংক্ষিপ্ত স্কোর : 

বাংলাদেশ নারী দল : ১৫২/৬ (২০ ওভার)

স্কটল্যান্ড নারী দল : ১১৮/১০ (১৯ ওভার)

ফলাফল : বাংলাদেশ নারী দল ৩৪ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২জুন২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট