Connect with us
ক্রিকেট

ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ৭ নাম্বারে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পুরস্কার পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা। দীর্ঘদিন নবম স্থানে থাকা বাংলাদেশ এবার পেছনে ফেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।

মিরপুর ও সিলেটে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিকরা। বিশেষ করে শেষ দিনে বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পাকিস্তানকে চাপে ফেলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সেই সাফল্যের প্রভাব পড়েছে টেস্ট র‍্যাঙ্কিংয়েও।

নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং এখন ৭৮। সিরিজ শুরুর আগে এই রেটিং ছিল অনেক কম। পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্ট জেতায় বাংলাদেশের রেটিং বেড়েছে ১৫ পয়েন্ট। অন্যদিকে সিরিজে হারের কারণে পাকিস্তানের রেটিং কমেছে ৭ পয়েন্ট। বর্তমানে তাদের রেটিং ৭৫। ফলে দুই ধাপ পিছিয়ে গেছে তারা।



বাংলাদেশের এই উন্নতিতে এক ধাপ পিছিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয়দের বর্তমান রেটিং ৬৮। ১০ দলের টেস্ট র‍্যাঙ্কিংয়ে সবার নিচে রয়েছে জিম্বাবুয়ে। তাদের রেটিং মাত্র ১০।

বাংলাদেশের পাশাপাশি উন্নতি হয়েছে শ্রীলঙ্কারও। এক ধাপ এগিয়ে তারা এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছে। শ্রীলঙ্কার রেটিং ৮৬। ফলে এশিয়ার দুই দলই এবারের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে লাভবান হয়েছে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১৩১। দ্বিতীয় স্থানে আছে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, তাদের রেটিং ১১৯। এরপর রয়েছে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতের রেটিং ১০৪, ইংল্যান্ডের ১০২ এবং নিউজিল্যান্ডের ১০১।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। দেশের মাটিতে শক্তিশালী প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দল। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থানও আরও শক্ত হয়েছে।

ক্রিফোস্পোর্টস/২০মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট