Connect with us
ফুটবল

ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্ট

পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করল বাংলাদেশ

Bangladesh play out a goalless draw against Pakistan.
পাকিস্তান বনাম বাংলাদেশ। ছবি- মালদ্বীপ ফুটবল

মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আজ (সোমবার) শুরু হয়েছে চার জাতি ফুটবল টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক মালদ্বীপসহ অংশ নিয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্ট। 

আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। তবে এই ম্যাচে ফলাফল কারো পক্ষে আসেনি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। তাতে এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুই দল।

এদিন ম্যাচের শুরু থেকেই ডমিনেট করে খেলতে থাকে পাকিস্তান। তবে পাল্টা আক্রমণে শুরুতেই দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডানপ্রান্ত থেকে মুর্শেদ আলীর পাস থেকে বক্সের ভেতরে দারুণ এক বল পেয়েছিলেন সুজন দেওয়ান। তবে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। গোলপোস্টের উপর দিয়ে চলে যায় বল।



প্রথমার্ধে আরও একটি বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের ডানপ্রান্তে দারুণ এক বল পেয়েছিলেন মুর্শেদ। তবে তিনিও সুযোগটি কাজে লাগাতে পারেননি। বিপরীতে পাকিস্তানও একের পর এক আক্রমণ চালিয়েছে। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে তারাও কোনো গোলের দেখা পায়নি। তাতে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আরও আক্রমনাত্মক হয়ে ওঠে পাকিস্তান। একের পর এক আক্রমণ করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় তারা। তবে দলকে প্রতিবার বিপদমুক্ত করেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পুরো ম্যাচজুড়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সেভ দিয়েছেন তিনি। তাতে নির্ধারিত ৯০ মিনিটেও কোনো গোল হয়নি।

এরপর ৭ মিনিট ইনজুরি সময় দেওয়া হয়। এই সময়ে দুই দলই সমানে সমান আক্রমণ চালায়। তবে শেষ পর্যন্ত কোনো গোল ছাড়াই শেষ হয় ম্যাচটি। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

ক্রিফোস্পোর্টস/১জুন২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল