Connect with us
ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজ

ফাহিমার শততম ম্যাচে স্কটল্যান্ডের সামনে বিবর্ণ বাংলাদেশ

ফাহিমার ১০০তম ম্যাচে বাজে ব্যাটিংয়ে হার বাংলাদেশের। ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। শনিবার এডিনবার্গে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। দলের অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুনের জন্য এটি ছিল শততম আন্তর্জাতিক ম্যাচ, তবে দিনটি স্মরণীয় করে রাখতে পারেনি বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই রান তুলতে ধীরগতির ব্যাটিংয়ের কারণে চাপে পড়ে দল। ২৬ রানের মধ্যে দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার ফিরে যান। এরপর ৪৬ রানে রান আউট হন শারমিন আক্তার।

প্রথম ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৫৪ রান। সেই পরিস্থিতিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব নিয়ে খেলেন। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেন তিনি।



সোবহানা ২২ রান এবং স্বর্ণা ১২ রান করেন। অন্যদিকে জ্যোতি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৬ রানে। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করে স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩৩ রান যোগ করেন ডার্সি কার্টার ও ক্যাথরিন ফ্রেসার। পরে ফ্রেসার ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইস দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন।

ফ্রেসার ৩০ রান করে আউট হলেও স্কটল্যান্ডকে আর থামানো যায়নি। অধিনায়ক ব্রাইস দারুণ ব্যাটিং করে ৩২ বলে অপরাজিত ৫৪ রান করেন। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। সারাহ ব্রাইসও অপরাজিত ২৩ রান করেন।

শেষ পর্যন্ত ২৬ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রিতু মনি ও স্বর্ণা আক্তার।

এই হারের পর সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল একই মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৩১মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট