
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অল্প রানেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।
এই দুই ব্যাটারের জুটিতে ধীরে ধীরে ম্যাচে ফিরছে বাংলাদেশ। ৩৩ ওভার শেষে দলের রান দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৫৭। শান্ত ৮১ ও লিটন ৫২ রানে অপরাজিত আছেন।
এর আগে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। সিরিজের তিন ম্যাচেই টস হারল বাংলাদেশ, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জন্য এটি টানা তৃতীয়বার।
ইনিংসের শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত ফিরে যান। সাইফ কোনো রান না করেই আউট হন। পরের ওভারেই তামিমও শূন্য রানে বিদায় নেন।
এরপর কিছুটা আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ১৮ রান করে তিনিও আউট হন। তখন দলীয় রান ছিল মাত্র ৩২, আর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
সেই কঠিন সময়েই জুটি গড়েন শান্ত ও লিটন। ধৈর্য ধরে খেলতে খেলতে তারা রান বাড়াচ্ছেন এবং দলকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন তাদের ওপরই নির্ভর করছে বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা।
এ পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ৪৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫ ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ জিতেছে ১২টিতে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/টিএ





















