
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কলকাতার ইডেন গার্ডেন্সকে ঘিরে যে উন্মাদনার আশা করা হয়েছিল, বাস্তবে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। বাংলাদেশ শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর পর থেকেই আশঙ্কা ছিল দর্শক উপস্থিতি কমবে। এখন সেই শঙ্কাই যেন বাস্তব চিত্রে রপ নিয়েছে।
নিরাপত্তা ঝুঁকিতে ভারতে খেলতে আপত্তি জানানোয় বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। সূচি অনুযায়ী ইডেনে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। সেই ম্যাচগুলোই ছিল স্থানীয় দর্শকদের প্রধান আকর্ষণ।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইডেনের টিকিট বিক্রি আশানুরূপ হচ্ছে না। অফলাইন কাউন্টারে দীর্ঘ লাইন তো দূরের কথা, চার-পাঁচ জনের বেশি ক্রেতাও দেখা যাচ্ছে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো স্টলগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে।হাতে গোনা কয়েকজনের বেশি লাইনে নেই তেমন মানুষ।
৬৫ হাজার ধারণক্ষমতার ইডেনে সব ম্যাচ মিলিয়ে এখনো ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি টিকিট। স্কটল্যান্ড-ইতালি ম্যাচে সেই সংখ্যা মাত্র ৩৪৮। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে ২ হাজার ৭৫টি এবং ইংল্যান্ড-ইতালি ম্যাচে ৪ হাজার ৯৭০টি টিকিট বিক্রি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ-ইতালি ম্যাচে দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮।
সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে প্রায় ৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। তবে গ্রুপপর্বে ভারতের কোনো ম্যাচ না থাকায় আগ্রহ আরও কমেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। অনেকের মতে, বাংলাদেশ না থাকায় পূর্বাঞ্চলের দর্শকদের আগ্রহে বড় ধাক্কা লেগেছে।
আয়োজক সংস্থা সিএবি অবশ্য আর্থিক ক্ষতির শঙ্কা দেখছে না। ম্যাচ আয়োজন বাবদ যে অর্থ পাচ্ছে, তাতেই খরচ উঠে আসবে বলে মনে করছে তারা। দর্শক টানতে আলাদা কোনো প্রচারণাও চোখে পড়ছে না।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের দল আজই কলকাতায় পৌঁছানোর কথা। শুক্রবার অনুশীলন শেষে রোববার মাঠে নামবেন শাই হোপরা।
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/টিএ




























