Connect with us
ক্রিকেট

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

Asif Nazrul
আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুল

নিজেদের অবস্থানে অনড় থাকলো বিসিবি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। পরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা অভিযোগ করেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি।’

বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সুবিচার করেনি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করবো, আইসিসি আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।’

আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নলে জানান এই ক্রীড়া উপদেষ্টা। সেই সাথে নিজেদের অনড় অবস্থানের কথা জানান দিয়ে বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে তারা।



টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ, কিন্তু নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতে যাবে না বাংলাদেশ দল উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘স্বভাবত, আমরা সবাই চেয়েছি আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।’

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। গণমাধ্যমকে তিনি জানান, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন।

সম্প্রতি নিরাপত্তাহীনতার শঙ্কায় আসন্ন আইপিএলের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে জানিয়েছে আইসিসি। কিন্তু বিসিবি সভাপতির মতে এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নিরাপত্তাহীনতা। তিনি বলেন, ‘মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল। মুস্তাফিজ নিজে সরে যায়নি, মুস্তাফিজের ইনজুরি হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি। নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে বাদ দেয়া হয়েছিল। এরপর আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করি।’

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট