
গত বছর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্ট হেরে গিয়েছিল টাইগাররা। এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে টাইগারদের।
মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ে পর চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২ ধাপ এগিয়েছে টাইগাররা। তাতে ইংল্যান্ড ও পাকিস্তানকে পেছনে ফেলে ৬ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তান সিরিজে আগে এক ড্র ও এক পরাজয় নিয়ে অষ্টম স্থানে ছিল বাংলাদেশ। তবে মিরপুর টেস্টে জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড ও পাকিস্তানকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে শান্তরা। চলমান চক্রে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে বাংলাদেশের জয়ের হার ৪৪.৪৪ শতাংশ।
মিরপুর টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট ৪১৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ব্যাত করতে নেমে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাতে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাতে ২৬৮ রানের টার্গেট পায় সফরকারীরা। তবে শেষদিনে রানতাড়ায় নেমে ১৬৩ রানেই গুটিয়ে যায় শান মাসুদের দল।
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৮ ম্যাচে ৮৭.৫০ শতাংশ জয়ের হার নিয়ে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ৭৭.৭৮ শতাংশ জয়ের হার নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। তিনে থাকা বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার ৪ ম্যাচে জয়ের হাত ৭৫ শতাংশ। এছাড়া চারে থাকা শ্রীলঙ্কার ২ ম্যাচে জয়ের হার ৬৬.৬৭ শতাংশ এবং পাঁচে থাকা ভারতের ৯ ম্যাচে জয়ের হার ৪৮.১৫ শতাংশ।
একধাপ নিচে নেমে সাতে অবস্থান করা পাকিস্তানে ৩ ম্যাচে জয়ের হার ৩৩.৩৩ শতাংশ। আটে নেমে যাওয়া ইংল্যান্ডের ১০ ম্যাচে জয়ের হার ৩১.৬৭ শতাংশ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৮ ম্যাচে জয়ের হার ৪.১৭ শতাংশ। অর্থাৎ এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি তারা। ৮ ম্যাচের মধ্যে একটিতে ড্র করেছে এবং বাকিগুলো হেরেছে।
ক্রিফোস্পোর্টস/১২মে২৬/বিটি



















