
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কিইউ অধিনায়ক। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই আজকের ম্যাচের জয়-পরাজয়ই নির্ধারণ হবে কার হাতে ট্রফি উঠবে।
সিরিজ জয়ের লক্ষ্যে টাইগারদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন মুস্তাফিজুর রহমান। পাশাপাশি রিশাদ হোসেনের জায়গায় খেলছেন বাহাঁতি স্পিনার তানভীর ইসলাম। অন্যদিকে নিউজিল্যান্ড দলেও একটি পরিবর্তন এসেছে, ব্লেয়ার টিকনারের জায়গায় খেলছেন বেন লিস্টার।
এই সিরিজের প্রথম দুটি ম্যাচ হয়েছিল ঢাকায়। প্রথম ম্যাচে ২৬ রানে জিতে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাহিদ রানার পাঁচ উইকেট এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ছয় উইকেটের জয় পায় স্বাগতিকরা।
দুই ম্যাচ শেষে সিরিজে সমতা থাকায় আজকের ম্যাচটি হয়ে উঠেছে নির্ধারণী। এই ম্যাচে জয়ী দলই সিরিজ নিজেদের করে নেবে।
এ পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ৪৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫ ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ জিতেছে ১২টিতে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/টিএ





















