Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে শেষ ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ

Bangladesh lose the series after defeat to Sri Lanka in the final ODI.
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ছবি- বিসিবি

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারল না বাংলাদেশ। রাজশাহীতে জয় দিয়ে সিরিজ শুরু পর দ্বিতীয় ওয়ানডেতে হেরে যায় টাইগ্রেসরা। এবার তৃতীয় ও শেষ ওয়ানডেতেও হেরে সিরিজ হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

আজ শনিবার (২৫ এপ্রিল) সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। তাতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৮ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।



তবে এদিন বেশ ধীরগতির ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করা এই উইকেটরক্ষক ব্যাটার ৯০টি বল মোকাবিলা করেন। এছাড়া শারমিন আক্তার সুপ্তা ৩৬ বলে ২৫, ঋতু মনি ১৬ বলে ২০ এবং শারমিন সুলতানা ২৯ বলে ১৭ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সফরকারীদের জয়ের নায়ক হাসিনি পেরারা। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৩১ বলে ১৩ চারের মারে ৯৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

তিনে নামা ইমেশা দুলানিও ফিফটি তুলে নেন। ৭৯ বলে ৭ চারের মারে ৫৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এছাড়া হারশিতা মাধবি সামারাবিক্রমাও দারুণ এক ইনিংস খেলেন। ৫১ বলে ৮ চারের মারে ৪৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন পেসার মারুফা আক্তার। এছাড়া একটি উইকেট নেন সোবহানা মোস্তারি। এর আগের শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুর্দান্ত করেন কাভিশা দিলহারি। ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া নিমাশা মাদুশানি ২টি এবং মালকি মাদারা এবং চামারি আথাপাথুথু একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর : 

বাংলাদেশ নারী দল : ২১৩/৮ (৫০ ওভার)

শ্রীলঙ্কা নারী দল : ২১৪/৩ (৪৬.৩ ওভার)

ফলাফল : শ্রীলঙ্কা নারী দল ৭ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট