Connect with us
ক্রিকেট

সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী

‘বাংলাদেশ এখন পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো’

বাংলাদেশ টেস্ট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজেদের ক্রিকেটের দুরবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। একই সঙ্গে বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন তিনি। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব, দলের আত্মবিশ্বাস এবং বদলে যাওয়া মানসিকতার কথা তুলে ধরেছেন বাসিত।

নিজের ইউটিউব আলোচনায় বাসিত বলেন, পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়া তার কাছে অপ্রত্যাশিত ছিল না। তবে বাংলাদেশের পরিকল্পনা ও অধিনায়কত্ব তাকে মুগ্ধ করেছে।

তার মতে, শান্ত খুব ভালোভাবে বোলারদের ব্যবহার করেছে। কোন সময়ে কাকে আক্রমণে আনতে হবে, সেটি ঠিকভাবেই বুঝেছে বাংলাদেশ অধিনায়ক।



ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সময়ের কথাও তুলে ধরেন বাসিত। তিনি বলেন, মোহাম্মদ রিজওয়ান ও সাজিদের জুটিতে পাকিস্তান কিছুটা আশা দেখেছিল। মনে হচ্ছিল, ম্যাচে ফিরতে পারে দলটি। কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশই।

বাংলাদেশের এই সাফল্যকে আর কাকতালীয় বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন বাসিত। তার মতে, পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও একইভাবে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ।

তিনি বলেন, “বাংলাদেশ এখন প্রমাণ করেছে, পাকিস্তানে তাদের সাফল্য কোনো দুর্ঘটনা ছিল না। তারা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে।”

বাংলাদেশ দলের আত্মবিশ্বাস নিয়েও কথা বলেন সাবেক এই ক্রিকেটার। তার মতে, পাকিস্তানে সিরিজ জয়ের পর থেকেই বাংলাদেশের খেলায় বড় পরিবর্তন এসেছে।

সবচেয়ে আলোচিত মন্তব্যটি করেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। বাসিত বলেন, “এখন বাংলাদেশ পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো হয়ে গেছে। এটাকে ইতিবাচকভাবেই দেখা উচিত।”

সিরিজের আগে তাইজুল ইসলামকে নিয়েও সতর্ক করেছিলেন বলে জানান তিনি। তার মতে, এই স্পিনারই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন।

পাকিস্তান ক্রিকেটের ভেতরের সমস্যার কথাও তুলে ধরেন বাসিত আলী। তার অভিযোগ, বারবার অধিনায়ক বদলালেও তৃণমূল ও ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজ হচ্ছে না।

তিনি বলেন, “একজন অধিনায়ক যাবে, আরেকজন আসবে। কিন্তু মূল সমস্যাগুলো থেকেই যাবে। ঘরোয়া ক্রিকেট শক্তিশালী না হলে পাকিস্তান এভাবেই হারতে থাকবে।”

শেষে আবারও বাংলাদেশ দলকে অভিনন্দন জানান বাসিত আলী। একই সঙ্গে পাকিস্তান দলের জন্য শুভকামনাও জানান তিনি।

ক্রিফোস্পোর্টস/২২মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট