বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশকে নিজের বাড়ি বলে উল্লেখ করেছেন। তার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও ব্রাজিলের এই কিংবদন্তির বক্তব্যকে উষ্ণভাবে গ্রহণ করেছেন।
ব্রাজিলে বসবাসকারী নেইমারের বন্ধু রবিন মিয়ার প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, রবার্তো কার্লোস প্রথমে পর্তুগিজ ভাষায় কথা বলেন। পরে তিনি বলেন, ব্রাজিলের পর স্পেন এবং তারপর বাংলাদেশকে নিজের বাড়ি মনে করেন। দীর্ঘদিন স্পেনে খেলার কারণে দেশটির সঙ্গে তার বিশেষ সম্পর্ক তৈরি হলেও বাংলাদেশের নাম আলাদাভাবে উল্লেখ করে তিনি এখানকার সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার বার্তা দিয়েছেন।
রবার্তো কার্লোস ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের জার্সিতে এক দশকেরও বেশি সময় খেলেছেন। বাঁ দিকের রক্ষণভাগে তার গতি, শক্তিশালী শট এবং অসাধারণ দক্ষতার কারণে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিতি পেয়েছেন।
বাংলাদেশে ব্রাজিলের সমর্থকের সংখ্যা অনেক। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা, জার্সি এবং নানা আয়োজন চোখে পড়ে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছিল।
বাংলাদেশের সমর্থকদের এই ভালোবাসার কথা এর আগেও জানিয়েছেন ব্রাজিলের জাতীয় দলের ফুটবলার ব্রুনো গিমারায়েস। তিনি বলেছিলেন, বাংলাদেশের সমর্থকদের নানা ভিডিও ব্রাজিল দলের ফুটবলাররা নিজেরাও দেখেন। তাদের কাছে বাংলাদেশের সমর্থন বিশেষভাবে পরিচিত।
এবার রবার্তো কার্লোসের বক্তব্য সেই ভালোবাসার সম্পর্ককে আরও একবার সামনে নিয়ে এলো। ব্রাজিল ও স্পেনের পাশাপাশি বাংলাদেশকে নিজের বাড়ি বলে উল্লেখ করে তিনি যে বার্তা দিয়েছেন, তা দেশের ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে আনন্দের একটি মুহূর্ত।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৬/টিএ



