Connect with us
হকি

অ-১৮ এশিয়া কাপ হকিতে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা

Bangladesh girls register their first win in the U-18 Asia Cup Hockey tournament.
চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি- এএইচএফ

জাপানের কাকামিঘারায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষদের এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দলই অংশ নিয়েছে। লাল-সবুজের ছেলেরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মেয়েদের শুরুটা হয়েছে হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে এসেই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আজ সোমবার (১ জুন) টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপে নারী দলকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল। তাতে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এখনো টিকে রইলো বাংলাদেশের মেয়েদের।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি কেউ। এরপর দ্বিতীয় কোয়ার্টারও গোলশূন্যই শেষ হতে চলছিলো। তবে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ২৯তম মিনিটে লিড পায় বাংলাদেশ। পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন কনা আক্তার। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।



বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে চাইনিজ তাইপে। তবে এই কোয়ার্টারে গোল শোধ করতে পারেনি তারা। এরপর শেষ কোয়ার্টারেও চেষ্টার কমতি রাখেনি তারা। তবে উল্টো ম্যাচের ৫৫তম মিনিটে লিড বাড়িয়ে নেয় বাংলাদেশ। দলকে দ্বিতীয় গোলটি এনে দেন রিয়া। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানেই জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে শক্তিশালী এই দলটির বিপক্ষে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। এবার দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ চীন। আগামীকাল মঙ্গলবার (২ জুন) চীনের মুখোমুখি হবে তারা। টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের।

ক্রিফোস্পোর্টস/১জুন২৬/বিটি

Crifosports announcement

Focus

More in হকি