
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিলেট টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের। বোলারদের কল্যাণে পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তাতে ৪৬ রানের লিড পায় টাইগাররা। শেষ সেশনে ব্যাট করতে নেমে আরও ১১০ রান যোগ করে স্বাগতিকরা। তাতে ১৫৬ রানের লিড নিয়ে স্বস্তিতে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের ২৭৮ রানের জবাবে গতকাল ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলে নেয় পাকিস্তান। ২৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন খেলতে নেমে সুবিধা করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার। তাসকিন আহমেদের শিকার হয়ে দলীয় ২৩ রানের মধ্যেই বিদায় নেন আজান আওয়াইস (১৩) ও আব্দুল্লাহ ফজল (৯)।

দিনের শুরুতেই দুই ওপেনারকে ফেরান তাসকিন। ছবি- এএফপি
প্রথম সেশনে আরও দুটি উইকেট হারায় তারা। দলীয় ৭৯ রানের মধ্যে মিরাজের শিকার হয়ে বিদায় নেন শান মাসুদ (২১) ও সৌদ শাকিল (৮)। তবে অপরপ্রান্ত আগলে একাই খেলে যান বাবর আজম। প্রথম টেস্ট মিস করা এই ব্যাটার দ্বিতীয় টেস্টে ফিরেই ফিফটি তুলে নেন। তবে দারুণ খেলতে থাকা বাবরকে ফিরিয়ে ৬৩ রানের জুটি ভেঙে দেন নাহিদ রানা। ৮৪ বলে ৬৮ রান করে বিদায় নেন বাবর।
তবে বাবরের বিদায়ের পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি পাকিস্তান। ১৮৪ রানের মধ্যেই অষ্টম উইকেট হারিয়েছিল তারা। তবে শেষদিকে সাজিদ খানে ২৮ বলে ৩৮ রানের দুর্দান্ত ক্যামিওতে ভর করে ২৩২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে ৬০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন নাহিদ রান। ৬৭ রান দিয়ে সমান ৩টি উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া তাসকিম আহমেদ ৩৭ রান দিয়ে ২টি এবং মেহেদি হাসান মিরাজ ২১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।
৪৬ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন তানজিদ তামিম। অভিষিক্ত এই ব্যাটার ৪ রান করেন। এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকে বাংলাদেশ। মাত্র ৫৮ বলেই ফিফটি তুলে নেন জয়। তবে দলীয় ৯২ রানের মাথায় বিদায় নেন তিনি। ৬৪ বলে ১০ চারের মারে ৫২ রান করেন এই ওপেনার।

ওয়ানডে স্টাইলে ফিফটি তুলে নেন মাহমুদুল হাসান জয়। ছবি- এএফপি
পরবর্তীতে ২২.১ ওভারেই দলীয় শতরানে পৌঁছে যায় বাংলাদেশ। তবে দিনের শেষ ওভারের চতুর্থ বলে আউট হয়ে যান মুমিনুল। ৬০ বলে ৩০ রান করেন তিনি। তাতে শেখানেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। অপরপ্রান্তে ১৩ রান করে অপরাজিত আছেন শান্ত।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৬/বিটি




















