Connect with us
ক্রিকেট

ইমনের ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকায় জিতল বাংলাদেশ ইমার্জিং

দক্ষিণ আফ্রিকায় জয়ে ফিরল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে সেই হতাশা বেশি দিন স্থায়ী হতে দেয়নি তারা। সোমবার প্রিটোরিয়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে ২৬ রানে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ। আলোকস্বল্পতার কারণে খেলা শেষ করা সম্ভব না হওয়ায় ফল নির্ধারিত হয়েছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে স্বাগতিক দল দারুণ শুরু করে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান প্রথম উইকেটে ১৪৮ রান যোগ করেন। তবে এরপরই ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। ১৯ বছর বয়সী পেসার ইকবাল হোসেন ইমনের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তিনি ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। রহমান দৌলা বর্ষণ নেন ২টি উইকেট। ফলে ৪৭ ওভারে ২৪৮ রানেই থামে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার ইনিংস।

২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বাংলাদেশেরও ভালো হয়নি। দলীয় ৮০ রানের মধ্যেই ফিরে যান অধিনায়ক জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল রবিন। এতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।



সেই চাপ সামাল দেন ইফতেখার হোসেন ইফতি ও মাহিদুল ইসলাম অঙ্কন। চতুর্থ উইকেটে তারা ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। ইফতেখার ৮৫ বলে ৭১ রান করেন। অন্য প্রান্তে মাহিদুল ৬৮ বলে অপরাজিত ৩৭ রান করেন। ৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৮৬ রান।

এরপর আলোকস্বল্পতার কারণে আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ ২৬ রানে এগিয়ে থাকায় জয় পায় তারা। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশ ইমার্জিং দলের। আগামী ৭ আগস্ট একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে তারা।

ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট