
টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণে ১১০ রানের পুঁজি নিয়ে লড়াই করা কঠিন কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে আজ রূপকথা লিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান নারী ‘এ’ দলকে মাত্র ৫৬ রানে গুঁড়িয়ে দিয়ে ৫৪ রানের বিশাল জয় তুলে নিয়েছে ফাহিমা খাতুনরা। দাপুটে জয়ে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস’-এর ফাইনালে পা রাখল টাইগ্রেসরা।
শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে একাই লড়াই করেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫ চারের সাহায্যে ৪০ রানের এক হার না মানা ইনিংস খেলেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। পাকিস্তানের বোলারদের তোপে এক সময় অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকলেও ফাহিমার দৃঢ়তায় লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
১১১ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২১ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। এরপর বোলিং আক্রমণে এসে টিম পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন অধিনায়ক ফাহিমা। নিজের প্রথম ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।

দলীয় ৩০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় তারা। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সানজিদা আক্তার। তিনি ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া ফাহিমা নেন ২ উইকেট। ব্যাট ও বলে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ফাহিমা খাতুন।
ফাইনালে প্রতিপক্ষ ভারত
আগামী রোববার টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ‘এ’ দল। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৬/এনজি



























