২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই দেশটিতে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা। বিমানবন্দরে সিরিজের পোস্টার টানানোর পাশাপাশি বিভিন্ন স্কুলেও টেস্ট ম্যাচ নিয়ে আয়োজন করা হচ্ছে।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের জন্য ক্রিকেটভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডুরাক স্কুলের চারজন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা দেখার জন্য দুটি করে প্রবেশপত্র পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রকাশ করে আয়োজকেরা জানিয়েছে, শিগগিরই আরও কয়েকটি স্কুলে একই ধরনের আয়োজন করা হবে।
বাংলাদেশ দল এরই মধ্যে ডারউইনে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচের জন্য দর্শকদের কোনো প্রবেশমূল্য দিতে হবে না।
অস্ট্রেলিয়া একাদশে সুযোগ পেয়েছেন কয়েকজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের পাশাপাশি অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটাররাও। এই ম্যাচে তাঁদের পারফরম্যান্সও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। অন্যদিকে বাংলাদেশের জন্যও এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ।
ডারউইকে আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ দল। অনুশীলন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলের ক্রিকেটারেরা। টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে দলটি।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকেতে। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তাই সিরিজটি ঘিরে দুই দেশেই বাড়ছে আগ্রহ।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৬/টিএ



