
জিম্বাবুয়ে সফরের শুরুটা মোটেও সন্তোষজনক হয়নি বাংলাদেশের। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের লজ্জাজনক হার দিয়ে সফর শুরু হয়েছে টাইগারদের। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। এরপরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। আগেই ঘোষণা করা হয়েছিল ওয়ানডে দল। এবার বড় চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখাবে সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী রাব্বি।
প্রায় ৪ বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক। সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সম্প্রতি জাতীয় দলে ফিরেছেন তিনি। ঘরের মাঠে গত অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে প্রায় চার বছর পরে ওয়ানডে দলে জায়গা করে নেন। সেই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। সেই সুবাদে এবার টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন এই অলরাউন্ডার।
অন্যদিকে রাব্বি প্রায় ৩ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন। সবশেষ ২০২৩ সালে এশিয়ানস মেন’স টি-টোয়েন্টিতে লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করেন এই ব্যাটার। এবার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরলেন।
এই সিরিজে থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ওয়ানডে সিরিজ শেষ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাবেন তিনি। তার পরিবর্তে জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব ফেবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। এর আগে লিটনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে সেই সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
আগামী ৬, ৯ ও ১১ জুলাই হারারেতে সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়েতে পাড়ি জমাবে দুই দল। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল :
তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৬/বিটি






















