Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে ২৯০-৩০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ

Bangladesh aim to set Pakistan a target of 290–300 runs.
পাকিস্তানকে তিনশ’র কাছাকাছি রানের টার্গেট দিতে চান মিরাজরা। ছবি- বিসিবি

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের কাছে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিন শেষে ফের চালকের আসনে ফিরেছে টাইগাররা। প্রথম ইনিংসে ২৭ রানের লিডসহ ৩৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয়বার ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলেছে বাংলাদেশ। আগামীকাল ১০ উইকেট হাতে রেখেই চতুর্থ দিনের খেলা শুরু করবে টাইগাররা। তাই স্বাগতিকদের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার সুযোগ রয়েছে। তবে পাকিস্তানকে ২৯০ থেকে ৩০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ।

আজ (রোববার) তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মেহেদি হাসান মিরাজ। তৃতীয় দিন শেষে বাংলাদেশকে এগিয়ে রাখতে নারাজ তিনি। এই অলরাউন্ডারের মতে, দুই দলেরই সমান সুযোগ রয়েছে। তিনি আরও জানান, শেষ দুই দিনে ব্যাট করা অনেক কঠিন হবে। তাই পাকিস্তানকে তিনশ’র কাছাকাছি রানের টার্গেট দিয়ে ব্যাটিংয়ে পাঠাতে চান।



সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এখনও খেলার দুই দিন বাকি আছে। এখন পর্যন্ত ফিফটি-ফিফটি পরিস্থিতি আছে। আমরা অনেক বেশি লিড পাইনি। সামনে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। মিরপুরে কত রান নিরাপদ এটা আপনি বলতে পারবেন না। তবে মিনিমাম একটা রান যেন করতে পারি যাতে বোলাররা ডিফেন্ড করতে পারে। আমার মনে হয় এই উইকেটে ২৯০ বা ৩০০ ভালো স্কোর হতে পারে। শেষ দুই দিনে ব্যাটিং করা অনেক কঠিন হবে।’

যেহেতু বাংলাদেশ এখন ব্যাটিংয়ে, তাই পঞ্চম দিনে খেলা গড়ালে হয়ত পাকিস্তানকেই ব্যাট করতে হবে। তখন উইকেট ব্যাটারদের জন্য আরও কঠিন হবে। তাতে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন মিরাজ।

এই অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় প্রথম দিনই ভালো উইকেট ছিল। এখনও উইকেট ভালো আচরণ করছে। তবে শেষ দুই দিনে একটু তো কঠিন হবেই। একটা উইকেটে টানা খেলা হচ্ছে। দুই ইনিংসের খেলা শেষ হয়েছে। ঐ দায়িত্ব নিয়েই আমাদের ব্যাট করতে হবে। ৫ নম্বর দিনে হয়ত তারাই ব্যাট করবে। তাই অবশ্যই আমরা এইদিক থেকে কিছুটা সুবিধা পাব।’

বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। তৃতীয় দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। আগামীকাল (সোমবার) সবকটি উইকেট হাতে রেখে চতুর্থ দিনের খেলা শুরু করবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১০মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট