Connect with us
ফুটবল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরই নেইমারকে ঘিরে দুঃসংবাদ

Bad news surrounds Neymar right after earning a place in the World Cup squad.
আবারও চোটে পড়েছেন নেইমার। ছবি- সংগৃহীত

নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার জুনিয়র। তাকে নিয়েই আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল। তবে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার পরপরই নেইমারকে নিয়ে মিলেছে দুঃসংবাদ। আবারও চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

নেইমারের মাংসপেশিতে হালকা চোট ও ফোলা রয়েছে। তার এই চোটের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব। তিনি বলেন, ‘নেইমারের পায়ের কাফে হালকা চোট রয়েছে। সেখানে ফুলে গেছে।’

অবশ্য নেইমারের এই চোট খুব বেশি গুরুতর নয়। তার পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে এগোলে এক সপ্তাহের মধ্যেই সেরে উঠবেন তিনি এবং জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন। জোগাইব আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া এগোচ্ছে। আগামী সপ্তাহেই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো অবস্থায় থাকবেন।’



অবশ্য নেইমার খুব ইনজুরি প্রবণ হওয়ায় দুশ্চিন্তা থেকেই যায়। সাম্প্রতিক সময়ে বড় কোনো ইনজুরিতে না পরলেও বেশ কয়েকবার ছোট ছোট ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তাই বিশ্বকাপের আগে এমন চোট সকলের চিন্তা বাড়াচ্ছে।

এই চোটের কারণে আজ ভোরে সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানার ম্যাচে স্যান লরেঞ্জোর বিপক্ষে খেলতে পারেননি নেইমার। নেইমারবিহীন এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে সান্তোসের আরো দুটি ম্যাচ রয়েছে। আগামী ২৪ মে লিগ ম্যাচে গ্রেমিওর মুখোমুখি হবে দলটি। এরপর ২৭ মে কোপা সুদামেরিকানার ম্যাচে দেপোর্তিভো কুয়েন্সার বিপক্ষে খেলবে তারা।

আগামী ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। সব ঠিক থাকলে সেদিনই ক্যাম্পে যোগ দেবেন নেইমার। এরপর ১৪, ২০ ও ২৫ জুন যথাক্রমে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবেন নেইমার-ভিনিসিয়ুসরা।

ক্রিফোস্পোর্টস/২১মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল