
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন বাবর আজম। সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় ভোগা এই ব্যাটার পেশোয়ার জালমির হয়ে প্রতিটি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন। অবশেষে সপ্তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরিও তুলে নিলেন এই তারকা।
রোববার (১৯ এপ্রিল) কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর। তাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তারকা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে অবস্থান করছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ৪৫৫ ইনিংসে ২২টি সেঞ্চুরির দেখা পেয়েছেন এই সাবেক ওপেনার। এরপরেই ১২টি সেঞ্চুরি নিয়ে দুইয়ে অবস্থান করছেন বাবর। ৩৪২ ইনিংস খেলেই ১২তম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই পাকিস্তানি তারকা।
এদিন ব্যাট করতে নেমে ৩১ বলে ফিফটি তুলে নেন বাবর। ফিফটি তোলার পর রান তোলার গতি আরও বাড়িয়ে দেন তিনি। পরের ৫০ রান তুলতে কেবল ২১ বল মোকাবিলা করেন তিনি। তাতে ৫২ বল খেলেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ৬৭ ইনিংস পর টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিলেন বাবর। শেষ পর্যন্ত ৬ চার ও ২ ছক্কায় ১০০ রান করেই অপরাজিত ছিলেন এই তারকা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় গেইল-বাবরের পরেই অবস্থান করছেন ডেভিড ওয়ার্নার। ৪৩৫ ইনিংসে ১০টি সেঞ্চুরি হাঁকিয়েছন অস্ট্রেলিয়ার এই ওপেনার। চার নম্বরে আছেন পাকিস্তানের আরেক তারকা শাহিবজাদা ফারহান। মাত্র ১৬৪ ইনিংসেই ৯টি সেঞ্চুরি তুলে নিয়েছেন এই পাকিস্তানি ওপেনার। এছাড়া সমান ৯টি করে সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলি, কুইন্টন ডি কক ও রাইলি রুশোর।
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/বিটি



















