Connect with us
ক্রিকেট

আবারও পাকিস্তানের অধিনায়ক হতে চান কি না, জানালেন বাবর

Babar Azam
বাবর আজম। ছবি- সংগৃহীত

ব্যাট হাতে দীর্ঘদিন বাজে সময় পার করেছেন বাবর আজম। যার ফলে পাকিস্তান দলের নেতৃত্বও হারাতে হয়েছে তাকে। তবে পুনরায় চেনা ছন্দে ফিরেছেন এই তারকা। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন পেশোয়ার জালমির দলপতি।

চলমান আসরে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। দলকে ফাইনালে তুলতে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন তিনি। চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১০ ম্যাচে ৫৮৮ রান করেছেন এই ব্যাটার। যেখানে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরির মার রয়েছে।

বাবর পুনরায় ছন্দে ফেরায় নেতৃত্বের প্রসঙ্গটি নতুন করে আলোচনায় এসেছে। নতুন করে পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলে কী সিদ্ধান্ত নেবেন তিনি, সেটা জানিয়েছেন। যদিও এখন নেতৃত্ব নিয়ে ভাবছেন না তিনি। তবে পুনরায় সুযোগ পেলে দেশের স্বার্থকেই প্রাধান্য দেবেন এই তারকা ব্যাটার।



বাবর বলেন, ‘আমি এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে ভাবছি না। আমি এখন শুধু পিএসএলের ফাইনাল নিয়ে ভাবছি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি (অধিনায়কত্ব করার সুযোগ) এলে, আমি সব সময় দেশের স্বার্থে যেটা ভালো হবে সেটাই করব।’

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে তিন সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন বাবর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই অংশ নেয় পাকিস্তান। তবে বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের পর ফের নেতৃত্ব হারান এই ব্যাটার।

ব্যাট হাতে খারাপ সময়ে অনেক সমালোচনার শিকার হয়েছেন বাবর। তবে সমালোনা নিয়ে না ভেবে মাঠে কীভাবে পারফর্ম করা যায় সেটা নিয়েই ভাবছেন তিনি। পিএসএলের বাকি ম্যাচের মতো ফাইনালেও ভালো করতে চান এই ব্যাটার।

বাবর বলেন, ‘সমালোচনা নিয়ে আমার কিছুই করার নেই। তবে ভক্ত-সমর্থকরা আমাকে অনেক আত্মবিশ্বাস জোগায়। ফাইনালে ভালো করার জন্য আমি বেশ আত্মবিশ্বাসী।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা করি, ফাইনালেও সেটা ধরে রাখতে পারব।’

আজ রোববার (৩ মে) পিএসএলের ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানের মুখোমুখি হবে পেশোয়ার জালমি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৩মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট