Connect with us
ক্রিকেট

পেশোয়ারকে এগিয়ে নিতে শরিফুল-নাহিদ রানাতেই ভরসা বাবরের

Shoriful and nahid
পিএসএলে শরিফুল ও নাহিদ রানা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের একাদশ আসর আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবারের আসরে বাংলাদেশ থেকে ছয়জন ক্রিকেটার অংশ নিতে গেছেন। তাদের মধ্যে শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম খেলছেন পেশোয়ার জালমির হয়ে। দলটির প্রথম ম্যাচ শনিবার।

নতুন আসর শুরুর আগে গতবারের বোলিং ব্যর্থতা নিয়ে কথা উঠেছে। সেই প্রসঙ্গে পেশোয়ার অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, এবার নতুন খেলোয়াড়দের ওপরই তার ভরসা। তিনি বলেন, আগের আসরে বোলিং বিভাগ ভালো করতে পারেনি। তাই এবার দল গঠনে পরিবর্তন আনা হয়েছে এবং মাঠে পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা থাকবে।

তবে শুধু ভালো বোলার থাকলেই হবে না বলেও মনে করেন বাবর। তার মতে, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলে কোনো কিছুই কাজে আসে না। তাই দল এখন পরিকল্পনা বাস্তবায়নেই বেশি গুরুত্ব দিচ্ছে।



এদিকে, পুরো আসরজুড়ে সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাওয়া অনুমতি অনুযায়ী, বাংলাদেশের খেলোয়াড়রা ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন। এরপর তাদের দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নিতে হবে।

গত কয়েকটি আসরে পেশোয়ার জালমির বোলিং ছিল দুর্বল। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ১৪টি ম্যাচে তারা ২০০ রানের বেশি দিয়েছে। এটাই দলটির বড় সমস্যার একটি হিসেবে দেখা হচ্ছে। ২০১৭ সালে শিরোপা জয়ের পর আর সাফল্য পায়নি দলটি।

নতুন আসরে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় পেশোয়ার। শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে রাওয়ালপিন্ডির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হবে। সেই ম্যাচে সুযোগ পেলে শরিফুল ও নাহিদদের মুখোমুখি হতে পারেন তাদেরই জাতীয় দলের সতীর্থ রিশাদ হোসেন।

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট