
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পেশোয়ার জালমির সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। বল হাতে তাদের নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংয়ে সন্তুষ্ট দলের অধিনায়ক বাবর আজম।
সর্বশেষ মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ২৪ রানে জয় পেয়েছে পেশোয়ার। এই ম্যাচে নাহিদ রানা ২৪ রান দিয়ে ২ উইকেট নেন এবং গুরুত্বপূর্ণ সময়ে দলকে এগিয়ে দেন। অন্যদিকে শরিফুল ইসলাম উইকেট না পেলেও ২৭ রান খরচ করে প্রতিপক্ষের রান তোলার গতি আটকে রাখেন। নতুন বলে তার ধারাবাহিক বোলিং দলকে ভালো শুরু এনে দেয়।
চলতি আসরে নাহিদ রানা এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিনি পঞ্চম স্থানে আছেন। তার রান দেওয়ার হারও খুব কম, যা তাকে আলাদা গুরুত্ব দিয়েছে। অন্যদিকে শরিফুল ইসলাম ৫ ম্যাচে ২ উইকেট পেলেও শুরুতেই নিয়ন্ত্রিত বোলিং করে দলের আস্থা অর্জন করেছেন। ডট বলের সংখ্যাতেও তিনি এগিয়ে আছেন, যা প্রতিপক্ষকে চাপে রাখতে সাহায্য করছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, শরিফুল নতুন বলে ভালো শুরু এনে দিচ্ছেন এবং দলের অন্য বোলাররাও দায়িত্ব নিয়ে খেলছেন। তিনি জানান, দল হিসেবে সবাই ভালো খেলতে চেষ্টা করছে। টুর্নামেন্টের অর্ধেক পথ পেরিয়ে গেলেও সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে। নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচগুলোতেও ভালো ফল করতে চায় দল।
চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে পেশোয়ার জালমি। ৬ ম্যাচে ৫ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। এই পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি।
তবে এই ভালো সময়েই দল ছাড়তে হচ্ছে নাহিদ রানা ও শরিফুল ইসলামকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরছেন তারা। ফলে পরবর্তী ম্যাচগুলোতে এই দুই পেসারকে পাবে না পেশোয়ার, যা দলের জন্য কিছুটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/টিএ




















