
ট্রাভিস হেড, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকায় ঠাসা অস্ট্রেলিয়া দল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে গেল! পুচকে পুচকে দলগুলো চমকে দেওয়া আসরে এমন ঘটনার শিকার হলো অজিরা। ১৭ বছর পর টুর্নামেন্টের শুরুতে বাদ পড়লো মাইটি অস্ট্রেলিয়া।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ ছিল না। খেলা ছিল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের। কিন্তু তাতে চোখ ছিল অস্ট্রেলিয়ানদের। কারণ, এই ম্যাচের ফলের ওপরই যে নির্ভর করছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টিকে থাকা-না থাকা।
ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়েকে হারতে হতো। কিন্তু আইরিশরা সেই সুযোগ পেল কই? ক্যান্ডিতে অবিরাম বর্ষণে পরিত্যক্ত হলো ম্যাচ।
আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেল জিম্বাবুয়ে। এতে কপাল পুড়ল অস্ট্রেলিয়ার।
১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অজিরা। সর্বশেষ ২০০৯ আসরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল।
ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৬/এনজি



























