
বাংলাদেশ সফর ও পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে নতুন দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আসন্ন এই দুই সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে দলে রাখা হয়নি। ফলে তুলনামূলক নতুন চেহারার দল নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া।
দলের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। বর্তমানে তিনি আইপিএলে খেললেও বাংলাদেশ ও পাকিস্তান সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই বেশ কিছু নতুন মুখ সুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলি পিক, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। এর মধ্যে অলি পিক আছেন শুধু পাকিস্তান সিরিজের ওয়ানডে দলে, লিয়াম স্কট সুযোগ পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে এবং জোয়েল ডেভিস রয়েছেন শুধু টি-টোয়েন্টি দলে।
ফাস্ট বোলিং বিভাগে ফিরেছেন বিলি স্ট্যানলেক ও রাইলি মেরেডিথ। অভিজ্ঞদের অনুপস্থিতিতে তরুণ ও নতুনদের ওপরই বেশি ভরসা রাখছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে আছেন মিচেল মার্শ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যাডাম জাম্পাসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। পাশাপাশি নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে দলটি।
টি-টোয়েন্টি দলেও রয়েছে কিছু পরিবর্তন। টিম ডেভিড, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসনদের মতো খেলোয়াড়দের সঙ্গে তরুণদের মিশ্রণে দল সাজানো হয়েছে।
বাংলাদেশ সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার এই দল নির্বাচনে স্পষ্ট, তারা নতুনদের পরীক্ষা করতে চায়, পাশাপাশি বড় তারকাদের বিশ্রাম দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোচ্ছে। বাংলাদেশের বিপক্ষে এই নতুন অস্ট্রেলিয়া কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, অ্যাডাম জাম্পা।
ক্রিফোস্পোর্টস/১১মে২৬/টিএ






















