
গত বছর রাজস্থান রয়্যালসের জার্সিতে মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ এই ব্যাটার অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছেন। এবার ঋষভ পন্ত ও ঈশান কিষানদের ছক্কার এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন এই তরুণ ব্যাটার।
আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন সূর্যবংশী। মঙ্গলবার (৮ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাঁচটি ছক্কা মেরে পন্ত-ঈশানদের ছাড়িয়ে শীর্ষে উঠেছেন এই মারকুটে ব্যাটার। সবমিলিয়ে আইপিএলে এখনও পর্যন্ত ৩৫টি ছক্কা মেরেছেন তিনি।
আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন পন্ত ও ঈশান। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০১৬ ও ২০১৭ আসর মিলিয়ে ৩০টি ছক্কা মেরেছিলেন পন্ত। অন্যদিকে ঈশান গুজরাট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৬ থেকে ২০১৮- এই তিন আসর মিলিয়ে সমান ৩০টি ছক্কা মারেন।
মুম্বাই ম্যাচের আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে এক ছক্কা মেরেই পন্ত ও ঈশানের রেকর্ড ছুঁইয়ে ফেলেন সূর্যবংশী। তারপর মুম্বাই ম্যাচে ১৪ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আর তাতেই ভেঙে দেন পন্ত ও ঈশানের রেকর্ড। সবমিলিয়ে মাত্র ১০ ইনিংসেই ৩৫ ছক্কা হাঁকিয়েছেন ১৫ বছর বয়সি এই ব্যাটার।
এই তালিকায় সূর্যবংশী, পন্ত ও ইশানের পরেই আছেন সঞ্জু স্যামসন। ২০ বছর হওয়ার আগে ২০১৩ ও ২০১৪ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ২২টি ছক্কা মেরেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া ভারতের আরেক বিস্ময় ক্রিকেটার পৃথ্বী শ ২০১৮ ও ২০১৯ আসরে দিল্লির হয়ে ১৯টি ছক্কা মেরেছিলেন।
ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৬/বিটি



















