Connect with us
ফুটবল

ইউরোপা লিগ জিতে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা

শিরোপা জিতল ভিলা। ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান হলো অ্যাস্টন ভিলার। দাপুটে ফুটবল খেলেই ইউরোপা লিগের শিরোপা জিতেছে ইংল্যান্ডের ক্লাবটি। ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্ককে ৩-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে উনাই এমেরির দল।

বুধবার ইস্তানবুলের বেসিকতাস পার্কে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভিলা। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটি প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচ অনেকটা নিজেদের দিকে নিয়ে যায়।

৪১তম মিনিটে প্রথম গোল আসে ইউরি টিয়েলেমান্সের পা থেকে। বাঁ দিক থেকে মর্গ্যান রজার্সের বাড়ানো দারুণ এক ক্রসে নিখুঁত ভলিতে বল জালে পাঠান বেলজিয়ান এই মধ্যমাঠের খেলোয়াড়।



প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান এমিলিয়ানো বুয়েন্দিয়া। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট ফ্রেইবুর্ক গোলরক্ষকের নাগালের বাইরে দিয়েই জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধেও খেলার গতি কমায়নি ভিলা। ৫৮তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মর্গ্যান রজার্স। বুয়েন্দিয়ার বাড়ানো বল প্রতিপক্ষের চাপ সামলে কাছ থেকে জালে পাঠান তিনি।

এরপরও আরও গোলের সুযোগ তৈরি করেছিল ইংল্যান্ডের ক্লাবটি। তবে আমাদু ওনানার হেড পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে পুরো ম্যাচেই ঘুরে দাঁড়ানোর মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি ফ্রেইবুর্ক।

এই জয়ের মাধ্যমে ১৯৯৫-৯৬ মৌসুমের পর প্রথম কোনো শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। সবশেষ তারা ইংলিশ লিগ কাপ জিতেছিল। আর ইউরোপের মঞ্চে তাদের আগের বড় সাফল্য ছিল ১৯৮১-৮২ মৌসুমে ইউরোপিয়ান কাপ জয়।

কোচ উনাই এমেরির জন্যও এটি বিশেষ এক অর্জন। ইউরোপা লিগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগেই ছিল তার দখলে। এবার পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতে নিজের অবস্থান আরও শক্ত করলেন স্প্যানিশ এই কোচ।

এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার এবং ভিয়ারিয়ালের হয়ে একবার ইউরোপা লিগ জিতেছিলেন এমেরি। ছয়বার ফাইনালে উঠে এবার পঞ্চমবার সফল হলেন তিনি।

গত শুক্রবার প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল অ্যাস্টন ভিলা। কয়েক দিনের ব্যবধানে এবার যোগ হলো ইউরোপা লিগের শিরোপাও।

ক্রিফোস্পোর্টস/২১মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল