
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে চলমান নানা অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ-এর গঠিত কমিটি। তবে এই তদন্তের অংশ হিসেবে ডাকা হলেও সাক্ষাৎকারে অংশ নেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার তিনি নিজেই এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
রোববার দুপুরে নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন তিনি তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অথচ মন্ত্রণালয় এখতিয়ার ছাড়িয়ে গিয়ে এই তদন্ত করছে। এ কারণেই শুরু থেকেই তিনি এ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে আগেই সিদ্ধান্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে তার সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি, যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন, সেটি নিয়ে তদন্ত করা হলে তা আদালত অবমাননার শামিল হতে পারে বলেও মনে করেন তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, বোর্ডের কিছু পরিচালকের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। পরবর্তী বোর্ডে পদ দেওয়ার আশ্বাস বা ভয় দেখিয়ে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ইতিমধ্যে কয়েকজন পরিচালক পদত্যাগ করেছেন, যা এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন তিনি।
তিনি জানান, তদন্ত কমিটির পক্ষ থেকে যখন তাকে সাক্ষাৎকারের জন্য জানানো হয়, তখন তিনি জানতে চান বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর এই তদন্ত কতটা বৈধ। কিন্তু এ বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর পাননি বলে দাবি করেন তিনি।
সবশেষে তিনি বলেন, নিয়মবহির্ভূত কোনো কাজ কিংবা আদালত অবমাননার মতো বিষয়ে নিজেকে যুক্ত করতে চান না বলেই তিনি তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।
এদিকে তদন্ত কমিটির প্রধান একে এম আসাদুজ্জামান জানিয়েছেন, তারা কাউকে অভিযুক্ত না করে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন। আসিফ মাহমুদকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি বলেও উল্লেখ করেন তিনি।
সব মিলিয়ে, তদন্ত প্রতিবেদন জমার পরও বিসিবিকে ঘিরে বিতর্ক ও আলোচনা এখনো থামেনি।
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৬/টিএ



















